প্রিয়াঙ্কা চোপড়া: বিশ্বসুন্দরী থেকে বিশ্ব-তারকা



বিশ্বসুন্দরীর খেতাব জয় করেছেন আজ থেকে ১৭ বছর আগে। শুরু হয়েছিলো সেখান থেকেই এরপর দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ সত্যিই বিশ্ব-তারকায় পরিণত হয়েছেন সাবেক বিশ্ব-সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। ৩৫তম জন্মদিনে জেনে নিন এ তারকার ক্যারিয়ারের বর্ণময় কিছু অধ্যায়।

শুরুটা মোটেও সহজ ছিলো না প্রিয়াঙ্কার জন্য। বিশ্ব-সুন্দরীর খেতাব থাকলেও বলিউডে ছিলো না কাজের পূর্ব-অভিজ্ঞতা। তাই পদে পদে হেনস্থার শিকার হতে হয়েছে তাকে। প্রত্যাখ্যান, স্বজনপ্রীতি এগুলো ছিলোই, সেই সঙ্গে শুনতে হয়েছে নানা কটু কথাও। কিন্তু তাতে দমে যাননি তিনি। সম্পূর্ণ নিজের চেষ্টা ও যোগ্যতায় গড়ে নিয়েছেন শক্ত অবস্থান।

তামিল ছবি ‘তামিজহান’ দিয়ে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করলেও পিসি’র প্রথম হিন্দি ছবি ছিলো ‘দ্য হিরো: লাভ স্টোরি অফ আ স্পাই’। এরপর একে একে করেন ‘অ্যাইতরাজ’, ‘বরফি’, ‘সাত খুন মাফ’, ‘কামিনে’, ‘মেরি কম’ ও ‘বাজিরাও মাস্তানি’র মতো সফল সিনেমা। ‘অ্যাইতরাজ’ ছবির জন্য সেরা পার্শ্বঅভিনেত্রীর পুরস্কার জয় করেন এ তারকা, আর ‘ফ্যাশন’ ছবির কল্যাণে পান জাতীয় পুরস্কার।   

বেশ ক’বছর বলিউড থেকে দূরে রয়েছেন প্রিয়াঙ্কা। কিন্তু এ সময়ে দাপটের সঙ্গে মাতিয়ে চলেছেন হলিউড। টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র জন্য দু’বার জেতেন পিপলস চয়েস অ্যাওয়ার্ড। সম্প্রতি প্রথম হলিউড ছবি ‘বেওয়াচ’য়ের জন্যও হয়েছেন প্রশংসিত। এছাড়াও বিগত বছর জুড়ে অস্কার, গোল্ডেন গ্লোবস ও অ্যামি’র মতো বড় বড় সব আসর মাতাতে দেখা গেছে ভারত সুন্দরীকে।

সম্প্রতি সঞ্জয়লীলা বনসালী’র ‘গুস্তাকিয়া’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন- এমনটা শোনা গেলেও এখনও এ বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। সামনেই তাকে দেখা যাবে ‘ইজন্ট ইট রোমান্টিক?’ ও ‘আ কিড লাইক জেইক’ নামের দু’টি হলিউড ছবিতে।

Comments