ট্যুর গাইড শাহরুখের প্রেমে পড়লেন আনুশকা?



৪ আগস্ট মুক্তি পাচ্ছে শাহরুখ-আনুশকা জুটির নতুন ছবি ‘যব হ্যারি মেট সেজাল’। সম্প্রতি প্রকাশিত হলো এ সিনেমার নতুন ট্রেইলার।

হলে মুক্তি পেতে এখনো দুই সপ্তাহ বাকি। তার আগেই দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে ইমতিয়াজ আলীর নতুন সিনেমা ‘যব হ্যারি মেট সেজাল’। এর আগে ইউটিউবে মুক্তি পায় এ ছবির ‘বিচ বিচ মে’ ও ‘বাটারফ্লাই’ শিরোনামের দুটি গান। প্রকাশের পরপরই সাড়া ফেলেছিলো গান দু’টি। এবারে দর্শকপ্রিয় হলো এ ছবির সদ্য প্রকাশিত ট্রেইলারটি।

ট্রেইলারে দেখা গেছে,হারিয়ে যাওয়া আংটি খুঁজতে গিয়ে হ্যারির সঙ্গে দেখা হয় সেজালের। শুরুতে সেজালকে খুব একটা পাত্তা না দিলেও মনে মনে তাকে ভালোবেসে ফেলে হ্যারি। অনেকটা যেন শাহরুখ ও প্রীতি জিন্টার ‘কাল হো না হো’র মতোই এ ছবিতে এক নিঃসঙ্গ প্রেমিক যুবকের চরিত্রে দেখা গেছে শাহরুখকে।

পোস্টারের মতো ট্রেইলারেও জোর দেওয়া হয়েছে ছবিটির থিম লাইনের উপর। ‘যাকে তুমি খুঁজছো, সেও একইভাবে তোমাকেই খুঁজছে’ পারসিক কবি মোহাম্মদ রুমির এ জনপ্রিয় উক্তিটির উপরেই যেন দাঁড়িয়েছে ‘যব হ্যারি মেট সেজাল’য়ের কাহিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ট্রেইলারে ট্যুর গাইড শাহরুখকে(হ্যারি) দেখে প্রেমে পড়ে যাবেন দর্শক! তবে শুধুই কি দর্শক? হ্যারি’র প্রেমে কি ধরা দেবে না সেজাল বেশি আনুশকা? উত্তর জানতে হলে দর্শককে অপক্ষো করতে আর মাত্র দুইটি সপ্তাহ!

Comments